নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চোলাই মদ সহ মদ তৈরীর উপকরণ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সন্ধায় মশিদপুর ইউনিয়নের দেশীপাড়া গ্রামের আদিবাসী পাড়ায় অভিযান চালিয়ে ৮লিটার চোলাই মদ ও ৮০৫ লিটার মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এতে নেতৃত্বদেন থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান। তিনি জানান, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন সন্ধ্যায় মশিদপুর ইউনিয়নের দেশীপাড়া গ্রামের আদিবাসী পাড়া এলাকায় তার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সমন্বয়ে একটি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানকালে চিহ্নিত মাদক কারবারি লক্ষণ মুর্মু, সুমন কিসকু এবং শ্রীমতি আরতি হাসদা-এর বসতবাড়িতে তল্লাশি পরিচালনা করা হয়। তল্লাশিকালে তাদের বাড়ি থেকে ২৭টি সিলভারের বড় পাতিল ও ৯টি বড় প্লাস্টিকের বালতিতে সংরক্ষিত সর্বমোট ৮০৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধান অনুযায়ী প্রয়োজনীয় নমুনা সংরক্ষণপূর্বক অবশিষ্ট মদ পরিবহনের অনুপযোগী ও সংরক্ষণে ঝুঁকিপূর্ণ হওয়ায় উপস্থিত ব্যক্তিদের সম্মুখে আইনানুগভাবে ধ্বংস করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে। আসামীরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জনসাধারণের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও একই ধারাবাহিকতায় অব্যাহত থাকবে বলেও তিনি জানান।