কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৬, ০৫:৩২ পিএম
কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
গাজীপুরের কাপাসিয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন সুলতানার বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ২৯ জুলাই বুধবার ভোরে দুর্বৃত্তরা আগুন দেয়ার সময় বাড়িতে কেউ ছিল না। জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ভাকোয়াদী গ্রামের জাকারিয়া খানের স্ত্রী মহিলা দল নেত্রী শারমিন সুলতানা। সে বাড়ির পাশে "ভাকোয়াদী কিন্ডারগার্টেন" নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেন। সম্প্রতি জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাতের আঁধারে তাদের বাড়িতে ককটেল হামলা চালায়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত বা বুধবার ভোরে বাড়িতে কেউ না থাকার সুযোগে গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। দুর্বৃত্তরা বসতবাড়ির মূল্যবান জিনিসপত্র সরিয়ে নিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে টিনসেড বাড়ির চারটি কক্ষের আসবাবপত্র সহ সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন দল ও কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে ছড়িয়ে পড়া আগুনে তাদের বাড়ি সবকিছু ছাই হয়ে যায়। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্তের স্বার্থে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের দাবি, আগুনে পুড়ে যাওয়া বাড়ির মালিক জাকারিয়া খান। চাকরির সুবাদে সে গাজীপুরে বসবাস করেন। তার সৎ মা সুরাইয়া বেগম, তার মেয়ে অ্যাডভোকেট কুলসুম ও তার স্বামী অ্যাডভোকেট আবু তাহের নয়ন দীর্ঘদিন যাবত নানা ভাবে তাদের হয়রানি ও হুমকী দিয়ে আসছিল । শারমিনের বাবা আব্দুর রহমান মিয়াজী জানান, তিনি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন। বুধবার সকাল ৯ টায় তিনি বাংলাদেশে আসছেন। এই সুবাদে তার মেয়ে শারমিন সুলতানা গতকাল জয়দেবপুরের হাড়িনালে তাদের বাড়িতে যান। ফলে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়া বাড়িতে কেউ ছিলো না। মহিলা দল নেত্রী শারম মহিলা দল নেত্রী শারমিন সুলতানা জানান, তার পিতা-মাতা পবিত্র ওমরাহ হজ পালন শেষে বুধবার সকালে দেশে আসার কথা ছিল। তাই মঙ্গলবার তিনি তার পিতার বাড়িতে গিয়েছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা রাতের আঁধারে বাড়িতে আগুন দিয়েছে। ঘটনার পর পর তিনি খবর পেয়ে বাড়িতে আসেন। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততোক্ষণে তার বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পড়নের কাপড় টুকু ছাড়া আর কিছুই রইলো না। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ জানান, উপজেলার ভাকোয়াদী কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক শারমিন সুলতানার বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়ার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। অপরাধী যেই হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। ঘটনার খবর পেয়ে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, উপজেলা মহিলা দলের সভাপতি শাহনাজ পারভীন শিখা, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল মাহমুদ খান, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক মোঃ ছোলাইমান মোড়ল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আপনার জেলার সংবাদ পড়তে