পিএসসির ৮ ক্যাটাগরির নিয়োগ পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৬, ১০:৩৩ পিএম
পিএসসির ৮ ক্যাটাগরির নিয়োগ পরীক্ষা স্থগিত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত আট ক্যাটাগরির পদের ৩১ জুলাইয়ের লিখিত নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে পিএসসি।

বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। উপসচিব (প্রশাসন) মো. ওয়াশীমুল বারীর সই করা বিজ্ঞপ্তিতে পরীক্ষাটি স্থগিতের বিষয়টি জানানো হয়।

স্থগিত হওয়া পরীক্ষাটি পিএসসি সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ১৩তম থেকে ১৬তম গ্রেডের আট ক্যাটাগরির পদের জন্য নির্ধারিত ছিল। পদগুলো হলো, কম্পিউটার অপারেটর, প্রশিক্ষণ সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, অভ্যর্থনাকারী ও টেলিফোন অপারেটর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব পদের পূর্বনির্ধারিত লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

আগে নির্ধারিত সূচি অনুযায়ী, ৩১ জুলাই শুক্রবার এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা স্থগিত হওয়ায় প্রার্থীদের নতুন তারিখের জন্য অপেক্ষা করতে হবে।

পিএসসি জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি এসএমএসের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে।

তাই পরীক্ষার্থীদের নতুন সূচি জানতে পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ও এসএমএসের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে