সরকারের সহযোগিতা চাইলেন তামিম ইকবাল

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৩১ জুলাই, ২০২৬, ০৭:৪২ পিএম
সরকারের সহযোগিতা চাইলেন তামিম ইকবাল

ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। আগামী সেপ্টেম্বরে সীমিত ওভারের সিরিজ খেলতে ভারতের বাংলাদেশে আসার কথা থাকলেও সফরটি এখনও চূড়ান্ত হয়নি। ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক সবুজ সংকেত না মেলায় সিরিজটি আদৌ মাঠে গড়াবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের সংশয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সরকারের সহযোগিতা চেয়েছে। বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, বিষয়টি এখন শুধু দুই বোর্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। তাই সফরটি বাস্তবায়নে সরকার পর্যায়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা নিয়মিতই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে যোগাযোগ রাখছে। ইমেইলের মাধ্যমে আলোচনা চলছে এবং বোর্ডের পক্ষ থেকে যা যা করা সম্ভব সবই করা হচ্ছে। তবে দুই দেশের কূটনৈতিক ও সরকারি কিছু বিষয় ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণের বাইরে। তাই ভারত সরকারের অনুমোদন পেতে বাংলাদেশ সরকারের সহায়তা চাওয়া হয়েছে। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকবাজ বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্কের টানাপোড়েন অবশ্য নতুন নয়। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব গত বছর ক্রিকেটেও পড়েছিল। শুরুতে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনাগ্রহ প্রকাশ করে বাংলাদেশ। পরে শেষ পর্যন্ত সেই বিশ্বকাপ বয়কটও করে টাইগাররা। অন্যদিকে, গত বছর ভারতের বাংলাদেশ সফর হওয়ার কথা থাকলেও ভারত সরকারের অনুমোদন না পাওয়ায় তা স্থগিত হয়ে যায়। সেই স্থগিত সফর নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে বিসিবির আশা ছিল, ২০২৫ সালে পিছিয়ে যাওয়া সিরিজটি ২০২৬ সালের আগস্ট-সেপ্টেম্বরে আয়োজন করা যাবে। সূচি অনুযায়ী, এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। এমনকি সিরিজটির টেলিভিশন ও মিডিয়া স্বত্ব বিক্রির জন্য বিসিবি দরপত্রও আহ্বান করেছিল। এতে সিরিজ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছিল। কিন্তু বাস্তবে সেই সম্ভাবনা এখনও অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। আগামী আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। একই সময়ে শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট খেলবে ভারত। ফলে আগস্টে ভারতীয় দলের বাংলাদেশ সফরের সুযোগ কার্যত নেই। সেপ্টেম্বরেই দুই দলের সূচিতে ফাঁকা সময় রয়েছে। তাই সেই সময়কে ঘিরেই আশাবাদী ছিলেন ক্রিকেটপ্রেমীরা। তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারে ভারত। সেটি চূড়ান্ত হলে বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনের সম্ভাবনা আরও কমে যেতে পারে। সব মিলিয়ে, ভারতীয় দলের বাংলাদেশ সফরের সবচেয়ে বড় বাধা এখন ভারত সরকারের অনুমোদন। বিসিবি সভাপতি তামিম ইকবাল বারবারই বলেছেন, বাংলাদেশ একটি নিরাপদ দেশ এবং ভারতীয় দলের সফর আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। এবার সেই প্রচেষ্টায় সরকারকেও সম্পৃক্ত করেছে বিসিবি। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ভারত সরকারের সবুজ সংকেত মেলে কি না এবং বহু প্রতীক্ষিত বাংলাদেশ-ভারত সিরিজটি আদৌ মাঠে গড়ায় কি না।