বরিশালের মুলাদীতে জয়ন্তী নদীতে বিশেষ অভিযান চালিয়ে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ির একটি দল। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাতিরহাট ঘাটের পূর্ব পাশে জয়ন্তী নদীর মাঝখান থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৩৪)। তিনি মুলাদী উপজেলার সফিপুর গ্রামের হাবিব হাওলাদারের ছেলে এবং পেশায় একজন ট্রলার চালক।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বেল্লাল হোসেন খান এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানার নেতৃত্বে নৌ পুলিশের একটি দল জয়ন্তী নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন স্টিল বডি ট্রলারে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ট্রলার চালক দেলোয়ার হোসেনের লুঙ্গির কোঁচ থেকে বিশেষ কায়দায় লুকানো ২৮০ (দুইশত আশি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে নাজিরপুর নৌ পুলিশেরর ইনচার্জ বেল্লাল হোসেন জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।