চিরিরবন্দরের বিন্যাকুড়ি বাজারে একটি দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে সম্পুর্ণ দোকান পুড়ে ভস্মিভূত হয়ে যাওয়ায় দোকান মালিক নিঃস্ব হয়ে গেছে। এ আগুনের ঘটনাটি গত ১৯ এপ্রিল রবিবার দিবাগত রাত আনুমানিক দেড়টায় বিন্নাকুড়ি বাজারের আবুল স্টোর নামক একটি মুদি খানার দোকানে ঘটেছে। প্রত্যক্ষদর্শি সালাম হার্ডওয়ারের মালিক আব্দুস সালাম, জনতা ফার্মেসীর মালিক সাব্বির আহমেদ বলেন, রাত দেড়টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় আবুল স্টোর নামক বন্ধ মুদি খানার দোকানে আগুনের লেলিহান শিখা দেখে এগিয়ে গিয়ে কয়েকজন মিলে আগুন নেভানোর চেষ্টা করি। দোকান মালিক ও ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়া হলে তারা এসে পুর্ণাঙ্গ আগুন নিভিয়ে ফেলার আগেই দোকানের মালামাল সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। দোকান মালিক আবুল হোসেন বলেন, রাত সাড়ে ১১ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে খাওয়া শেষে ঘুমিয়ে পড়ি। এরপর জনৈক টিভি মেকার খাদিমুল মুঠোফোনে আমাকে জানালে দ্রুত দোকানে আসি। আমার দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গিয়েছে। দীর্ঘ ২২/২৩ বছর ধরে তিলে তিলে গড়ানো দোকানের প্রায় ১৬ লক্ষ টাকার মালামাল পুড়ে যাওয়াতে নিঃস্ব হয়ে গিয়েছি।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ফায়ার লিডার আবু সাঈদ বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয় জনগনের সহায়তায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। আবুল স্টোর নামক মুদি দোকানের মালামাল সব পুড়ে গেছে, পাশাপাশি একটি কাপড়ের দোকান, একটি আরএফএল প্লাষ্টিকের সামগ্রীর দোকান, একটি টিভি মেকারের দোকান, একটি মুদি খানার দোকানও আংশিক পুড়ে যায়। তবে আগুন লাগার সুনিদ্রিষ্ট কারণ তাৎক্ষণিক জানা যায়নি, শট সার্কিটও হতে পারে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন নবী বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্থ দোকান মালিক একটি সাধারণ ডাইরী করেছেন।