মতলবে শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ নিয়ে আলোচনা সভা

প্রযুক্তিনির্ভর শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার ওপর গুরুত্বারোপ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১ আগস্ট, ২০২৬, ০৮:১৭ পিএম
প্রযুক্তিনির্ভর শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার ওপর গুরুত্বারোপ

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, "শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে আধুনিক পাঠদান পদ্ধতি, নিয়মিত মূল্যায়ন এবং বিদ্যালয়ে আনন্দমুখর পরিবেশ নিশ্চিত করতে হবে।" তিনি শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

শনিবার (১ আগস্ট ২০২৬) চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে আয়োজিত শিক্ষার গুণগত মানোন্নয়ন ও পরিবেশ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মোহাম্মদ জালাল উদ্দিন আরও বলেন, শিক্ষকদের দায়িত্ব কেবল পাঠদান নয়; বরং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। শিক্ষকদের পেশাগত উন্নয়ন, বিদ্যালয়ে শিক্ষা উপকরণ সরবরাহ, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত মান অর্জন সম্ভব।

মাদককে কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, "মতলবে কোনো মাদক থাকবে না। আমরা এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে কাজ করবো। মাদকের বিরুদ্ধে সকল শিক্ষকদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।" অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম সলিম উল্যা সেলিম বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাহফুজুর রহমান ও এ আর জুতির যৌথ সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুল রহমান টিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমীন স্বপন, প্রধান শিক্ষক আশরাফুল আজিজ, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি আশিকুজ্জামান, সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন, প্রধান শিক্ষক সালমা পারভিন ও কুলসুমা আক্তার, উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা তফুরা ইয়াসমিন, এবং সহকারী শিক্ষক মিজানুর রহমান ও তানজিলা আক্তার এনি। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, ছাত্রবিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ারুল আবেদীন খোকন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদুজ্জামান টিপু, পৌর যুবদলের আহবায়ক উজ্জ্বল ফরাজীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে