যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, ধ্বংস অন্তত ৬০০ স্থাপনা

এফএনএস (অনলাইন ডেস্ক): | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৬, ০৩:১৭ পিএম
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, ধ্বংস অন্তত ৬০০ স্থাপনা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে তীব্র আকার ধারণ করেছে অনিয়ন্ত্রিত দাবানল। দাবানলের তাণ্ডবে ইতোমধ্যে অন্তত ৬০০টি ঘরবাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও নানা অবকাঠামো পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। আগুন থেকে বাঁচাতে সংশ্লিষ্ট অঞ্চলের অন্তত ৬০ হাজার অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে ওয়াশিংটন রাজ্য কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে এনবিসি নিউজ।

দাবানলের তীব্রতায় ওয়াশিংটনের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন এবং এর চারপাশের প্রায় ৮.২ বর্গমাইল এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি স্থানান্তরের আওতায় স্পোকেনের ‘মার্কিন ভেটেরান্স অ্যাফেয়ার্স’ হাসপাতালের রোগীদেরও নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, লোকালয়ের একদম কাছাকাছি দাউ দাউ করে জ্বলছে আগুনের শিখা এবং আকাশে উড়ছে কালো ধোঁয়ার কুণ্ডলী; অনেক জায়গায় ঘরবাড়ির কেবল পোড়া চিমনিগুলো টিকে রয়েছে।

শুধু ওয়াশিংটনই নয়, সংলগ্ন পশ্চিম আইডাহো এবং পূর্ব ওরেগনের প্রায় ৫২৫ বর্গমাইল তৃণভূমি এলাকা জুড়েও আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বুলডোজার ও হেলিকপ্টার ব্যবহার করে টানা ১০ দিন ধরে অবিরাম কাজ করে যাচ্ছেন অগ্নিনির্বাপক কর্মীরা। সেখানে আরও প্রায় ৬০০ ঘরবাড়ি এবং ৮০০টি স্থাপনা সরাসরি অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে।

সামনের দিনগুলোতে আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এক সংবাদ সম্মেলনে মার্কিন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল সতর্ক করে বলেন, “আমরা এখনো বিপদমুক্ত নই। আগামী দিনগুলো অত্যন্ত সংকটপূর্ণ হতে যাচ্ছে।”

বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় আবহাওয়া পরিষেবা (NWS) পূর্ব ওয়াশিংটন, পূর্ব ওরেগন, পশ্চিম আইডাহো এবং পশ্চিম মন্টানাজুড়ে বায়ুর মান নিয়ে লাল সতর্কতা (Red Alert) জারি করেছে। পাশাপাশি প্রচণ্ড দাবদাহ ও আগুনের ঝুঁকির কারণে ইউটা, নেভাদা, ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনাতেও বিশেষ আবহাওয়া সতর্কতা বজায় রয়েছে।