বাগেরহাটের শরণখোলা উপজেলায় আড়াই শতাধিক দরিদ্র ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উপজেলার রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলে দিনব্যাপী এই বিনামূল্যের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে কোস্ট গার্ড পশ্চিম জোন। একই দিন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জনসচেতনতামূলক সভাও অনুষ্ঠিত হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় শরণখোলার রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলে এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়। কোস্ট গার্ডের অভিজ্ঞ মেডিকেল টিমের মাধ্যমে ২৫০ জন মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সামগ্রীও বিতরণ করা হয়।
এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ, মাদকবিরোধী সচেতনতা, দেশপ্রেম, শৃঙ্খলা ও আইন মেনে চলার মানসিকতা গড়ে তুলতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।