রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিকদের অনুদানের অর্থ বিতরণ

এফএনএস (এস.এইচ.এম তরিকুল ইসলাম; রাজশাহী) :
| আপডেট: ৪ আগস্ট, ২০২৬, ০৭:১২ পিএম | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৬, ০৭:১২ পিএম
রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিকদের অনুদানের অর্থ বিতরণ

‘ইমারত নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়নের অন্যতম প্রধান কারিগর। এই কারিগরদের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠছে আমাদের বহুতল ভবন ও আধুনিক নগর। এ কারণে ভবিষ্যতে ঝুকিপূর্ণ এ পেশার শ্রমিকদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিতকরণ গঠনে কাজ করবো’। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা কমিটির উদ্যোগে সংগঠনের কল্যাণ তহবিল থেকে অনুদানের অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এসময় প্রত্যাশা ব্যক্ত করে বলেন, শ্রমিকদের অধিকার, নিরাপত্তা, দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষায় সংগঠনটি আরও কার্যকর ভূমিকা পালন করবে। আর আমরা সবাই ঐক্যবদ্ধভাবে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং একটি মর্যাদাপূর্ণ শ্রমবান্ধব সমাজ গঠনে কাজ করবো। 

সোমবার (৩ আগস্ট) রাতে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের বিপরীতে অবস্থিত সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসক রিটন আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন বাস্তবায়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। আমি রাজশাহী মহানগরবাসীর জন্য কিছু করতে চাই। সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক, মহিলা ক্লাব, প্রতিটি ওয়ার্ডে খেলা মাঠ তৈরি, সড়ক নেটওয়ার্ক প্রশস্তকরণ সহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী এক বছরে আড়াই লাখ বৃক্ষরোপণের লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। আমি শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী হতে চাই। এ সময় রাসিক প্রশাসক শ্রমিকদের কল্যানে স্বাধ্যমত পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মৃত্যুজনিত কারণে ইনসাবের সদস্য এক শ্রমিক পরিবারকে সাড়ে ৪ লাখ টাকা অনুদান এবং নিয়মিত সহায়তার অংশ হিসেবে আরেক সদস্যকে ২০ হাজার টাকা অনুদান ইনসবারের কল্যাণ তহবিল থেকে প্রদান করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন রাসিক’র জনসংযোগ দপ্তর। 

ইনসাব রাজশাহী জেলা কমিটির সভাপতি মোঃ নবাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইনসাব কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ও অর্থ সম্পাদক মোঃ মুকুল প্রমূখ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনসাব রাজশাহী জেলার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। 

আপনার জেলার সংবাদ পড়তে