পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষপস্তবক করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই, জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দীকী, জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপি, জেলা জামায়াত, পিরোজপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে বেলা ১১ টায় সদর উপজেলা পরিষদ শহীদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময়ে জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দীকী, জেলা বিবএনাপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব ছাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুর রব, এনসিপির সদস্য সচিব মাইনুল আহসান মুন্না, প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামীম, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম, জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন কুমার। বক্তারা বলেন জুলাইকে ধারন করে আগামীতে পথ চলতে হবে। এ দেশে যেন আর কোনো ফ্যাসিস্ট জন্ম না নেয় সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। সভা শেষে জুলাই আন্দোলনে পিরোজপুরের পাঁচ শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার দেওয়া হয়।