রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে এক মাসের মধ্যে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পর্যায়ক্রমে দেশের সব নদীর পানিদূষণ রোধে উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। শিল্পকারখানায় এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপন নিশ্চিত করে দূষণ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা সংক্রান্ত এক সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী এক মাসের মধ্যে ঢাকার চারপাশের নদীদূষণ রোধে একটি কার্যকর কর্মপরিকল্পনা জমা দিতে নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে রাজধানীকে কেন্দ্র করে কার্যক্রম শুরু হলেও পরে তা সারা দেশের নদীগুলোতে সম্প্রসারণ করা হবে।
আবদুস সালাম জানান, নদীতে শিল্পবর্জ্য ফেলা বন্ধ করতে প্রতিটি কারখানায় ইটিপি স্থাপনের নির্দেশনা দেওয়া হবে। কোনো প্রতিষ্ঠান এ নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, নদীর দূষণ নিয়ন্ত্রণ করা না গেলে মানুষ ও পরিবেশ উভয়ই বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। তাই নদী রক্ষায় কঠোর নজরদারি এবং কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।