আবারও নেপালের অধিনায়ক হলেন সন্দ্বীপ লামিচানে

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৬, ০৮:৪৪ পিএম
আবারও নেপালের অধিনায়ক হলেন সন্দ্বীপ লামিচানে

নেপাল জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে। রোহিত পাউডেলের স্থলাভিষিক্ত হলেন লামিচানে। এখন থেকে ওয়ানডে ফরম্যাটে নেপালের নেতৃত্বে দেখা যাবে লামিচানেকে। আসন্ন এসিসি মেনস প্রিমিয়ার লিগের জন্য লামিচানেকে অধিনায়ক করে ১৪ সদস্যের স্কোয়াড দিয়েছে নেপাল। ৭৭ ওয়ানডের ক্যারিয়ারে নেপালের জার্সিতে ১৫৪ উইকেট শিকার করেছেন লামিচানে। ২০২২ সালে রোহিত অধিনায়ক হওয়ার আগে ১৪ ওয়ানডে ম্যাচে নেপালের নেতৃত্বে ছিলেন লামিচানে। এবারের অধিনায়কত্ব তাই লামিচানের জন্য দ্বিতীয় অধ্যায়। আগেরবার ১৪ ম্যাচেই অধিনায়কত্বের অধ্যায় থেমেছিল লামিচানের। ২০২২ সালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে দেশে ফিরে গ্রেফতার হয়ে কিছুদিন জেলেও ছিলেন লামিচানে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল তখন লামিচানেকে সাময়িক বরখাস্ত করে। পরে আইনি লড়াই শেষে ছাড়া পেয়ে খেলায় ফিরেছেন লামিচানে। এবার ফিরে পেলেন অধিনায়কত্বও। লামিচানে বিশ্বের নানা প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগে বেশ জনপ্রিয়। ইতোমধ্যে বিপিএল, আইপিএল, পিএসএল, সিপিএল, বিগ ব্যাশসহ নানা দেশের লিগে খেলা হয়েছে লামিচানের। নিষেধাজ্ঞা পাওয়ার আগে সাদা বলের দুই ফরম্যাট ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে নেপালের অধিনায়ক ছিলেন লামিচানে। বর্তমানে টি-টোয়েন্টিতে নেপালের নেতৃত্বে আছেন দীপেন্দ্র সিং আইরে।


এসিসি মেনস প্রিমিয়ার কাপের নেপালন স্কোয়াড-

সন্দ্বীপ লামিচানে (অধিনায়ক), রোহিত পাউডেল, আসিফ শেখ, অর্জুন কুমাল, দেব খানাল, দীপেন্দ্র সিং আইরে, বাসির আহমাদ, ঈশান পান্ডে, গুলশান কুমার ঝা, শের মাল্লা, ললিত নারায়ণ রাজবংশী, কারণ কেসি, হেমন্ত ধামি, সুন্দ্বীপ জোরা।