সাভারে প্রেসার কুকার ঘিরে বোমা আতঙ্ক, ঘিরে রেখেছে পুলিশ

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬, ০৩:৪৪ পিএম
সাভারে প্রেসার কুকার ঘিরে বোমা আতঙ্ক, ঘিরে রেখেছে পুলিশ

ঢাকার সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকায় একটি মসজিদের খোলা মাঠে কালো স্কচটেপে পেঁচানো একটি প্রেসার কুকার পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিয়েছেন স্থানীয়রা। এটি প্রেসার কুকার বোমা কি না, তা নিশ্চিত হতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। 

বুধবার সকাল ৮টার দিকে পুলিশের জরুরি সেবা নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন। 

তিনি বলেন, ঘটনাস্থলে যেয়ে তিনি কালো স্কচটেপে পেঁচানো একটি প্রেসার কুকার দেখতে পান। পুলিশের ধারণা, এটি বোমা হতে পারে। এ কারণে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে পুরো মাঠটি ঘিরে রাখা হয়েছে বলেও জানিয়েছে  তারা।

কারা এটি সেখানে রেখে গেছে জানতে চাইলে ইমরান হোসেন বলেন, গভীর রাতে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে স্থানীয়রা একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামের মধ্যে কাপড়চোপড়, কোরআন শরিফসহ প্রেসার কুকারটি দেখতে পান। পরে স্থানীয়রা ড্রাম থেকে প্রেসার কুকারটি বের করে মসজিদের মাঠে রেখে যান।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, অজ্ঞাতনামা তিন ব্যক্তি রাতে প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে পালিয়ে গেছেন বলে তারা জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে