মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার ভেতরে হাতবোমা বিস্ফোরণে চার শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আবিদা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
প্রতিদিনের মতো শনিবার সকালে শিক্ষার্থীরা মাদ্রাসায় আসে। সেখানে প্রবেশের পর হঠাৎ ইমন সরদারের বসতঘরের সামনে হাতবোমা বিস্ফোরিত হয়। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণে আহত চার শিক্ষার্থী হলো, আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯)। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আবিদা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান বলেন, মাদ্রাসায় হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চারজন শিক্ষার্থী আহত হয়েছে।
ঘটনার পর কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
ইমন সরদার বলেন, “আমার ঘরের সামনে কীভাবে বোমা বিস্ফোরিত হলো, তা জানি না।”
ওসি জহিরুল আলম বলেন, মাদ্রাসায় বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বিস্ফোরণের কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তদন্তের পর তা জানা যাবে।