ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৬, ০১:৪০ পিএম
ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন খানের ইয়াবা সেবনের ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরেছে। এ ঘটনার পর তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শাওন খান (২৬) রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের বাসিন্দা দোলন খানের ছেলে। বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে তাকে (শাওন) সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়ার প্রেসবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন উপজেলা ছাত্রদলের আহবায়ক নিয়ামুল হক নাহিদ ও সদস্য সচিব রাকিব তালুকদার। শনিবার (১৫ আগস্ট) স্বাক্ষর করা ওই প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি এবং সাংগঠনিক বিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাওন খানকে ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সূত্রমতে, ভাইরাল হওয়া ভিডিওতে শাওন খানকে একটি কক্ষের খাটের কোনে বসে ইয়াবা সেবন করছেন এমন দৃশ্য দেখা যায়। ভিডিওটি কোথায় ও কখন ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা মন্তব্য ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে ইয়াবা সেবনের অভিযোগ অস্বীকার করে শাওন খান বলেন, ভিডিওটি এআই দিয়ে তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, গত ১৪ আগস্ট সংসদ সদস্য আবুল হোসেন খানের বাসায় একটি অনুষ্ঠানের সময় মারামারির ঘটনা ঘটেছিল। ওই ঘটনার জেরধরে আমাকে হেয় করতে ভিডিওটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে আমি আইনি প্রক্রিয়ায় যাবো। রবিবার (১৬ আগস্ট) সকালে বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার বলেন, আমরা ভিডিওটি পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য জেলা পর্যায়ে পাঠানো হচ্ছে। আমরাও তদন্ত করছি। কোনো মাদক কারবারি বা মাদকসেবীর দলে জায়গা হবে না। তাই সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে