প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ
সফর ঘিরে কাপাসিয়ায় সাধারণ মানুষের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস, মোড়ে মোড়ে মানুষের ঢল।১৬ আগস্ট রোববার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর কাপাসিয়া অতিক্রম করার সময় গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান এর নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
এছাড়া রাজেন্দ্রপুর-কাপাসিয়া-টোক সড়কের বিভিন্ন মোড় ও বাজার এলাকায় বিএনপির দলীয় নেতৃবৃন্দদের সুশৃঙ্খল অবস্থান লক্ষ্য করা গেছে। এসময় গণমানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ।
প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে একনজর দেখতে সকাল থেকেই সড়কের দুই পাশে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার, প্লে-কার্ড হাতে অবস্থান নিতে শুরু করেন। নানা শ্রেণি-পেশার মানুষ বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে অপেক্ষা করতে দেখা গেছে। সময় গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে জনসমাগম। কাপাসিয়া বাস টার্মিনাল, ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্ত, তরগাঁও মেডিকেল মোড়, মিয়ার বাজার, আমরাইদ বাজার, বীর উজলী, টোক বাজারসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মানুষের বাঁধভাঙা ভিড়ে পরিণত হয় ।
প্রধানমন্ত্রীর গাড়িবহর কাপাসিয়া অতিক্রম করার মুহূর্তে উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো সড়কপথ। উপস্থিত অনেকে হাত নেড়ে ও স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী লাল-সবুজ রঙের বাসে দাঁড়িয়ে দুই হাত নেড়ে উপস্থিত জনতার অভিবাদনের জবাব দেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই কাপাসিয়ার প্রধান সড়কজুড়ে চলছিল পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও সাজসজ্জার কাজ। রাজেন্দ্রপুর থেকে কাপাসিয়া হয়ে টোক থানার ঘাট পর্যন্ত বিভিন্ন অংশে নেওয়া হয় বিশেষ প্রস্তুতি।
সফর উপলক্ষে নিরাপত্তা ও যানবাহন চলাচল নিয়েও নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। জনসমাগম নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে দেখা যায়।
প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরের অংশ হিসেবে কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর গাড়িবহরকে একনজর দেখতে কাপাসিয়ার সড়কে সকাল থেকেই মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। দিনব্যাপী কর্মসূচি শেষে ভৌরবের পথে ফিরবেন বলে জানা গেছে।
এর আগে কিশোরগঞ্জের উদ্দেশে সড়কপথে সকাল ৯টায় গুলশানের বাসার সামনে থেকে তার গাড়িবহর ছেড়ে যায় বলে জানিয়েছিলেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপি সরকারের প্রধান হিসেবে কিশোরগঞ্জে এটিই তারেক রহমানের প্রথম সফর।
কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে রয়েছে— বেলা সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রক্ষপুত্র নদে পোনা অবমুক্তকরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান, সাড়ে ১২টায় কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন, ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ দিবসের উদ্বোধনী অনুষ্ঠান ও জাতীয় মৎস্য পদক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আড়াইটায় শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, সোয়া ৩টায় সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ এবং ৪টায় পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতসহ ধর্মীয় ব্যক্তিদের সন্মানী প্রদান অনুষ্ঠানে যোগদান দিবেন।