১৩ মাস পর জামিনে কারামুক্ত সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

নিজস্ব প্রতিবেদন | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৬, ০৫:৪৬ পিএম
১৩ মাস পর জামিনে কারামুক্ত সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
ছবি: সংগ্রহীত

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ১৩ মাস পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টার দিকে কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। তার বিরুদ্ধে থাকা মোট নয়টি মামলাতেই জামিন পাওয়ার পর তিনি কারামুক্ত হলেন।

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন তার কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তার আইনজীবী জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজুও বিষয়টি নিশ্চিত করে জানান, খায়রুল হক কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

খায়রুল হক ২০২৫ সালের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার হন। এরপর জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত হত্যা ও হত্যাচেষ্টা, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগ এবং দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলার কারণে জামিন পাওয়ার পরও নতুন মামলায় গ্রেপ্তার দেখানোয় এতদিন তার মুক্তি আটকে ছিল।

তার বিরুদ্ধে থাকা নয়টি মামলার মধ্যে সর্বশেষ ছিল রাজধানীর বনানী থানায় করা হত্যা চেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা। গত ১০ আগস্ট বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই মামলায় তাকে অন্তর্বর্তী জামিন দেন।

হাইকোর্টের ওই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। আবেদনের শুনানি নিয়ে ১৭ আগস্ট আপিল বিভাগের চেম্বার আদালত ‘নো অর্ডার’ আদেশ দেন। ফলে বনানী থানার মামলায় খায়রুল হকের জামিন বহাল থাকে। এর মধ্য দিয়ে তার বিরুদ্ধে থাকা নয়টি মামলাতেই জামিন নিশ্চিত হয়।

বনানী থানার মামলাটি করা হয়েছিল ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর মহাখালীর সেতু ভবনের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপের ঘটনায়। মামলার এজাহার অনুযায়ী, সেখান থেকে শাহবাগের দিকে যাওয়ার সময় আন্দোলনকারীদের ওপর হামলায় উজ্জ্বল মিয়াসহ ২৫ থেকে ৩০ জন আহত হন। পরে উজ্জ্বল মিয়া বনানী থানায় হত্যা চেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

এর আগে খায়রুল হকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় করা খোয়াইব হত্যা মামলাতেও জামিনের বিষয়টি আদালতে নিষ্পত্তি হয়। ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ী পদচারী-সেতুর নিচে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন খোয়াইব। মামলার বিবরণ অনুযায়ী, বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে যাত্রাবাড়ী মোড়ের দিকে যাওয়ার সময় তাদের ওপর গুলি চালানো হয়। এতে গুরুতর আহত খোয়াইবকে স্থানীয় লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় ২০২৪ সালের ১৬ নভেম্বর খোয়াইবের ভাই জোবায়ের আহম্মেদ যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৮০ জনকে আসামি করা হয়। ২০২৫ সালের ২৩ মে পৃথক সাত মামলায় জামিন পাওয়ার পর খায়রুল হককে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে ৩০ জুন হাইকোর্ট তাকে জামিন দেন এবং পরবর্তী সময়ে সেই জামিনও আদালতে বহাল থাকে।

খায়রুল হক দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দায়িত্ব নেন। ২০১১ সালের ১৭ মে তিনি অবসরে যান।

আপনার জেলার সংবাদ পড়তে