যশোরের চৌগাছায় কারাগারে থাকা এক ব্যক্তির স্ত্রীকে তাঁর স্বামীর হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা বলে ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পলি রানী মজুমদার নামে এক নারী চৌগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের পলি রানী মজুমদারের স্বামী সুজল মজুমদার বর্তমানে যশোর কারাগারে রয়েছেন। গত ১৮ আগস্ট সন্ধ্যায় একই ইউনিয়নের দুলালপুর গ্রামের আয়নাল বিশ্বাসের ছেলে ও দুলালপুর ওয়ার্ডের গ্রাম পুলিশ রাজু হোসেন (৩৫) পলি রানীর বাড়িতে যান। সেখানে তিনি পলি রানীকে জানান, তাঁর স্বামী কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়েছেন।
এ ঘটনা চৌগাছা থানার ওসিকে জানানো হয়েছে বলেও তাঁকে আশ্বস্ত করা হয়।
অভিযোগে আরও বলা হয়, খুলনার আবু নাসের হসপিটালে স্বামীর চিকিৎসার জন্য ডা. এ কে কামরুজ্জামানের সঙ্গে (০১৩৩৩৫৯৬৫৩১) এই নম্বরে কথা বলতে বলা হয়। পরে ওই ব্যক্তির দেওয়া নম্বরে যোগাযোগ করলে চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা প্রয়োজন বলে জানান। বিষয়টি বিশ্বাস করে পলি রানী ০১৩৫০৬৫৪৪৫৬ নম্বরে ৪০ হাজার টাকা পাঠায়। টাকা পাঠানোর প্রায় আধা ঘণ্টা পর রাজু তাঁকে জানায়, ব্যবহৃত নম্বর দুটি প্রতারক চক্রের।
বিষয়টি সন্দেহ হওয়ায় পলি রানী যশোর কারাগারে গিয়ে খোঁজ নিয়ে তাঁর স্বামীকে সুস্থ অবস্থায় দেখতে পান বলে অভিযোগে উল্লেখ করেছেন। পলি রানীর অভিযোগ, রাজু বিষয়টি থানায় যাচাই না করেই তাঁকে ওই টাকা পাঠাতে বলে।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত রাজু হোসেন ভবিষ্যতে তাঁর বা পরিবারের অন্য সদস্যদের বড় ধরনের ক্ষতি করতে পারেন, এমন আশঙ্কাও করছেন পলি রানী।
অভিযোগের বিষয়ে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পলি রানী মজুমদার। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত রাজু হোসেনের বক্তব্য জানা যায়নি। চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অর্থ লেনদেনের বিষয়টি তদন্তসাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।