শেরপুর জেলার সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের তিলকান্দি গ্রামে প্রবাহমান খালে অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকা মূল্যের জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) শেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা পুলিশ ও জেলা মৎস্য অফিসের সহযোগিতায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান। অভিযানকালে তিলকান্দি গ্রামের প্রবাহমান খাল থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, নিষিদ্ধ ও ক্ষতিকর জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। এ ধরনের অবৈধ মাছ ধরার উপকরণ ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান বলেন, জনস্বার্থে এবং দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।