বাংলাদেশের তৈরি পোশাক শিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। বৈদেশিক মুদ্রা অর্জন, শিল্পায়ন এবং নারীর কর্মসংস্থানে এ খাতের অবদান অপরিসীম। কিন্তু সামপ্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি কমে যাওয়ার খবর উদ্বেগজনক। চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রে রপ্তানি কমেছে প্রায় ৬ শতাংশ। একই সময়ে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলো প্রবৃদ্ধি অর্জন করেছে। অর্থাৎ বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে। বাংলাদেশের জন্য এ পরিস্থিতি সতর্কবার্তা। কারণ যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো বড় বাজারের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা আমাদের ঝুঁকিতে ফেলছে। প্রতিযোগী দেশগুলো যখন নতুন বাজারে প্রবেশ করছে এবং বিদ্যমান বাজারে অবস্থান শক্ত করছে, তখন বাংলাদেশের স্থবিরতা ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে। চীন ও ভারতের রপ্তানি কমলেও ভিয়েতনাম ও কম্বোডিয়ার অগ্রগতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। আন্তর্জাতিক বাজারে কোনো দেশ স্থায়ীভাবে এগিয়ে থাকে না; প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সক্ষমতা বাড়াতে হয়। বাংলাদেশের পোশাকশিল্পের অন্যতম বড় সমস্যা উৎপাদন ব্যয়। জ্বালানি সংকট এ সমস্যাকে আরও বাড়িয়েছে। বিদ্যুৎ ও গ্যাসের অনিশ্চয়তা উৎপাদন ব্যাহত করছে, সময়মতো পণ্য সরবরাহ কঠিন হয়ে পড়ছে। আন্তর্জাতিক ক্রেতারা এখন শুধু দাম নয়, সময় ও মানকেও গুরুত্ব দেন। তাই জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করা জরুরি। রপ্তানি বাজারেও বৈচিত্র্য আনা প্রয়োজন। যুক্তরাষ্ট্র ও ইউরোপের পাশাপাশি জাপান, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার বাজারে প্রবেশ বাড়াতে হবে। নতুন ক্রেতা তৈরির জন্য বাণিজ্য মিশন ও কূটনৈতিক উদ্যোগ জোরদার করতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা মোকাবিলায় সরকারকে বাণিজ্য আলোচনায় সক্রিয় হতে হবে। আমরা মনে করি, পোশাকশিল্পের সংকট মোকাবিলায় সরকার, শিল্পমালিক ও শ্রমিককে একসঙ্গে কাজ করতে হবে। উৎপাদন ব্যয় কমাতে হবে, দক্ষতা বাড়াতে হবে, পণ্যের মান উন্নত করতে হবে এবং নতুন বাজার তৈরি করতে হবে। প্রতিযোগী দেশগুলোর অগ্রগতি আমাদের জন্য শিক্ষা—প্রস্তুতি ছাড়া টিকে থাকা সম্ভব নয়। পোশাক রপ্তানি হ্রাস শুধু অর্থনীতির জন্য নয়, কর্মসংস্থান ও সামাজিক স্থিতিশীলতার জন্যও বড় হুমকি। তাই এখনই সমন্বিত উদ্যোগ নিতে হবে, যাতে বাংলাদেশের পোশাকশিল্প আবারও বৈশ্বিক প্রতিযোগিতায় শক্ত অবস্থান তৈরি করতে পারে।