তালতলীতে আওয়ামী'দের মদদে জমি দখল ও হয়রানির অভিযোগ

এফএনএস (মোঃ আব্দুল মোতালিব; তালতলী, বরগুনা) :
| আপডেট: ২২ আগস্ট, ২০২৬, ০৫:৫১ পিএম | প্রকাশ: ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ পিএম
তালতলীতে আওয়ামী'দের মদদে জমি দখল ও হয়রানির অভিযোগ
বরগুনার তালতলীতে ভূমিদস্যু জিয়া উদ্দিন মিলন চাপরাশি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে জমি দখলের অপচেষ্টা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের পূর্ব গাবতলী এলাকায় স্থানীয় শতাধিক নারী পুরুষ ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালনকালে এ অভিযোগ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ নান্নু খান, জহিরুল ইসলাম লিটন, মোঃ নসা মিয়া, বিউটি বেগম, টিপু বয়াতী ও হাবিল ফকির প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার পূর্ব গাবতলী এলাকার 'ভূমিদস্যু জিয়া উদ্দিন মিলন চাপরাশি ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ মানুষের পৈতৃক ও দখলীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে। এই অবৈধ কাজে তাঁদের প্রত্যক্ষভাবে মদদ দিচ্ছেন স্থানীয় ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বশির ব্যাপারী এবং ওয়ার্ড যুবলীগের সম্পাদক মো. রিপন চাপরাশি।'

একাধিক ভুক্তভোগী বলেন, 'নিজেদের পৈতৃক সম্পত্তি রক্ষা করতে গিয়ে উল্টো তাঁরা মিথ্যা মামলা ও নানা মুখী হয়রানির শিকার হচ্ছেন। মিলন চাপরাশি ও তাঁর সহযোগীদের অত্যাচার থেকে পৈতৃক ভিটেমাটি রক্ষা করা এবং দখলকৃত জমি দ্রুত ফেরত পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।'

অভিযুক্ত ইউপি সদস্য বশির ব্যাপারী বলেন, তারা সঠিক কাগজপত্র দাখিল করেনি। তাই ওয়ারিশ সার্টিফিকেট দেওয়া হয়নি। সঠিক কাগজপত্র প্রদান করলে ওয়ারিশ সার্টিফিকেট দেওয়া হবে। এছাড়া আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন।

আরেক অভিযুক্ত জিয়া উদ্দিন মিলন চাপরাশি অভিযোগ অস্বীকার করে বলেন, যে জমির বিরোধ চলছে সেই জমির প্রকৃত মালিক তারা নন। তারা জোরপূর্বক দখল করে আছেন। আমরা ওই জমির ক্রয় সূত্রে মালিক। 
আপনার জেলার সংবাদ পড়তে