ত্রিশালে জলাবদ্ধতা নিরসনে ১ কোটি ২০ লাখ টাকার ড্রেনেজ প্রকল্প

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬, ১১:০৫ এএম
ত্রিশালে জলাবদ্ধতা নিরসনে ১ কোটি ২০ লাখ টাকার ড্রেনেজ প্রকল্প

বর্ষা এলেই জলাবদ্ধতায় নাকাল হতে হয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষকে। দীর্ঘদিনের এই দুর্ভোগ এবার কাটতে যাচ্ছে। ত্রিশালের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ হাটবাজারগুলোতে জলাবদ্ধতা নিরসনে নেওয়া হয়েছে ১ কোটি ২০ লাখ টাকার বিশেষ ড্রেনেজ প্রকল্প।

‘গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (২য় সংশোধন)’-এর আওতায় এ বিশেষ বরাদ্দ অনুমোদন করা হয়েছে। জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনের উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বরাদ্দের অনুমোদন আনা হয়েছে বলে জানা গেছে।

প্রকল্পের আওতায় উপজেলার ছয়টি গুরুত্বপূর্ণ হাটবাজারে আধুনিক পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হবে। এতে বর্ষাকালে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের পাশাপাশি বাজারগুলোতে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবিত ড্রেনেজ ব্যবস্থার আওতায় রয়েছে-কাশিগঞ্জ বাজার থেকে পাজনখালী খাল পর্যন্ত ড্রেন নির্মাণ, আহম্মদাবাদ বাজার, সানকিভাঙ্গা বাজার, পোড়াবাড়ি বাজার, বালিপাড়া বাজার ও হরিরামপুর বাজার।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বলছেন, সামান্য বৃষ্টিতেই এসব বাজারের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যায়। এতে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হওয়ার পাশাপাশি ক্রেতা ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। নতুন ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ হলে দীর্ঘদিনের এ সমস্যার স্থায়ী সমাধানের পথ খুলবে। সংশ্লিষ্টরা মনে করছেন, ১ কোটি ২০ লাখ টাকার এ প্রকল্প বাস্তবায়ন হলে ত্রিশালের গুরুত্বপূর্ণ হাটবাজারগুলোর জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের পরিবেশেও ইতিবাচক পরিবর্তন আসবে।ধ

আপনার জেলার সংবাদ পড়তে