রাজশাহী মহানগরীর সিটি পশুর হাটে মহিষের শিংয়ের আঘাতে মাহমুদ তোতা (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তোতা জেলার বাগমারা উপজেলার গোবিন্দপুর এলাকার সানোয়ার হোসেনের ছেলে। মহানগরীর শাহ মখদুম থানার ওসি আকবর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহিষটি বিক্রির উদ্দেশ্যে হাটে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। হঠাৎ দড়ি খুলে গেলে মহিষটি ব্যবসায়ী তোতাকে শিং দিয়ে সজোরে আঘাত করে। এতে তোতার তলপেট ও অণ্ডকোষে গুরুতর আঘাত লাগে। দ্রুত হাটের ইজারাদারের লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকরা তোতাকে মৃত ঘোষণা করেন।
সিটি হাটের অন্যতম ইজারাদার আমিনুল ইসলাম আমিন জানান, মহিষটি খুবই পাগলাটে স্বভাবের ছিল। দুর্ঘটনা ঘটার পর কোনোভাবেই মহিষটিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। তবে কৌশলে হাটের লোকজন সেটিকে ধরে ফেলে। ধরতে না পারলে হয়তো আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। মহিষটিকে এখন রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানান, মহিষের শিংয়ের আঘাতে নিহত তোতার লাশ রাতে তার আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।