কলম্বো টেস্টের প্রথম দিনে মাঠে বাকবিতণ্ডা ও মাথা ঠোকাঠুকির ঘটনায় শাস্তি পেয়েছেন ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল ও শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দো। দুজনকেই ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। পাশাপাশি তাঁদের নামের পাশে যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।
ঘটনাটি ঘটে ভারতের প্রথম ইনিংসের ১৭তম ওভারে। ফার্নান্দোর বলে জয়সওয়াল আউট হওয়ার পর শ্রীলঙ্কান পেসারের দিকে এগিয়ে যান ভারতীয় ব্যাটার। শুরু হয় কথা-কাটাকাটি। একপর্যায়ে দুজনই মাথা এগিয়ে দিলে তাঁদের মাথায় ধাক্কা লাগে। পরে শ্রীলঙ্কার অন্য খেলোয়াড়েরা পরিস্থিতি শান্ত করেন এবং জয়সওয়াল প্যাভিলিয়নের দিকে ফিরে যান।
আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়-সহায়ক কর্মীদের আচরণবিধির ২.১২ ধারা ভঙ্গের দায়ে তাঁদের শাস্তি দেওয়া হয়েছে। এই ধারায় আন্তর্জাতিক ম্যাচ চলাকালে খেলোয়াড়, খেলোয়াড়-সহায়ক কর্মী, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে অনুপযুক্ত শারীরিক সংস্পর্শের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট দুজনের জন্য এই শাস্তির সুপারিশ করেন। জয়সওয়াল ও ফার্নান্দো দুজনই নিজেদের অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
গত ২৪ মাসে দুজনের কারও আগের কোনো ডিমেরিট পয়েন্ট ছিল না। ফলে এই ঘটনায় দুজনেরই প্রথম ডিমেরিট পয়েন্ট যোগ হলো। আইসিসির নিয়ম অনুযায়ী, ২৪ মাসের মধ্যে কোনো খেলোয়াড়ের চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট হলে সেগুলো সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়। এরপর নির্দিষ্ট সংখ্যক সাসপেনশন পয়েন্ট হলে ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়।
ঘটনার শুরুটা অবশ্য জয়সওয়ালের জন্য ছিল ভালো। আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করলেও শেষ পর্যন্ত ৪৫ রানে নিজের স্টাম্পে বল লাগিয়ে আউট হন তিনি। ফার্নান্দোর নেওয়া চার উইকেটের মধ্যে এটিই ছিল প্রথম।
কলম্বো টেস্টে দুই দলের মধ্যে লড়াইও জমে উঠেছে। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার সময় ভারতের সংগ্রহ ছিল ৮ উইকেটে ৪৭৫ রান। দেবদূত পাডিক্কাল করেন ১১৭ রান, যা টানা দ্বিতীয় টেস্টে তাঁর সেঞ্চুরি। ধ্রুব জুরেল ৯৫ রানে অপরাজিত ছিলেন, টেস্টে নিজের দ্বিতীয় সেঞ্চুরি থেকে পাঁচ রান দূরে।
সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। ফলে সিরিজ সমতায় শেষ করতে হলে কলম্বো টেস্টে শ্রীলঙ্কাকে জিততেই হবে। ভারতের জন্য ড্রই যথেষ্ট, তাতেই সিরিজ নিজেদের করে নেবে সফরকারীরা।