জিন্দারপুরে চেয়ারম্যান প্রার্থী দুলালের কর্মী সমাবেশ

এফএনএস (মো: তৌহিদুল ইসলাম তালুকদার; কালাই, জয়পুরহাট) : | প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬, ০৭:৪১ পিএম
জিন্দারপুরে চেয়ারম্যান প্রার্থী দুলালের কর্মী সমাবেশ

জয়পুরহাটের কালাই উপজেলার ২ নম্বর জিন্দারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাজ্জাদুল বারী দুলালের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মহেশপুর, বিষ্ণুপুর ও নানাহার গ্রামের বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। সমাবেশে প্রধান অতিথি হিসাবে ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাজ্জাদুল বারী দুলাল। আলহাজ আবুল কালামের সভাপতিত্বে  মো. এমদাদুল হক রাজু ও মো. সাইদুর রহমান এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মো. ইয়াকুব আলী ফকির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিন্দারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোফাক খাইরুল ইসলাম রতন চৌধুরী এবং মোলামগারী বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসাদ্দেক হোসেন। এতে আরও বক্তব্য দেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, মো. ফাতেউল ইসলাম চৌধুরী, বাদল, নয়নসহ স্থানীয় নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে মো. সাজ্জাদুল বারী দুলাল বলেন, রাজনীতি মানে শুধু ক্ষমতা দখল নয়, সাধারণ মানুষের সেবা করা এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকাই প্রকৃত রাজনীতি। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকায় মাদক নিয়ন্ত্রণ, রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন। সমাবেশে বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। পরে নেতাকর্মীরা বিভিন্ন দলীয় স্লোগান দেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে