গাজীপুরের কালীগঞ্জে একটি নামবিহীন প্রতিষ্ঠানে ভেজাল পণ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠান সিলগালা ও মাদক সেবনের দায়ে চারজনকে আর্থিক জরিমানা ও বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৬ আগষ্ট) দুপুরে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া ও তুমলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল আমিন হালদার। জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামে নামবিহীন প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ভেজাল পণ্য উৎপাদান ও বিপণন করে আসছিল। গোপন সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় আঃ রহেদ শেখের পুত্র আলম শেখকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ডসহ নামবিহীন প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা গ্রামের আঃ কাদিরের পুত্র মোবারক হোসেন, চড়াখোলা গ্রামের মৃত সেলেন পালমার পুত্র সুহৃদ পালমাকে ১শত টাকা করে জরিমানা ও ৩০ দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং বক্তারপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র ইকবালকে ১শত টাকা জরিমানা ও ৬০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, সাজাপ্রাপ্ত আসামীদের বুধবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান ও বেঞ্চ সহকারী আল আমিন।