হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৬, ০৬:৫৩ পিএম
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩ জন সিলেট বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে ১ হাজার ১১০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং পরীক্ষায় আরও ৭০ জনের হাম শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৬১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। ফলে উপসর্গজনিত ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬০ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৭০ জনসহ ১৫ মার্চ থেকে দেশে মোট ১৮ হাজার ৭৯৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। অন্যদিকে, গত এক দিনে ১ হাজার ১১০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দেওয়ায় ১৫ মার্চ থেকে এ পর্যন্ত উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন।

আপনার জেলার সংবাদ পড়তে