ভরিতে সোনার দাম কমল ৭ হাজার ১১৫ টাকা, কমেছে রুপার দামও

নিজস্ব প্রতিবেদন | প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৬, ০১:৩৭ পিএম
ভরিতে সোনার দাম কমল ৭ হাজার ১১৫ টাকা, কমেছে রুপার দামও
ছবি: সংগ্রহীত

দেশের বাজারে সোনা ও রুপার দাম কমেছে। ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার দামও কমানো হয়েছে। রুপার দামও কমেছে। নতুন দাম শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার দাম কমার পরিপ্রেক্ষিতে এই মূল্য সমন্বয় করেছে। শনিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৭ হাজার ১১৫ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। ২১ ক্যারেটের দাম ৬ হাজার ৮২৪ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৭৮০ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ৮৩২ টাকা কমে হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ৪ হাজার ৭২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

এর আগে ২৫ আগস্ট ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা। ওই দিন ২২ ক্যারেট সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছিল।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৩০৭ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের দাম কমে হয়েছে ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইনের ওপর ভিত্তি করে মজুরি যুক্ত হবে। ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে সোনা ও রুপার গহনা বিনিময় বা বেচাকেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০৮ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৫ দফা দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৫৩ দফা। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। তখন ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম উঠেছিল চলতি বছরের ২৯ জানুয়ারি। সেদিন ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

আপনার জেলার সংবাদ পড়তে