বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, স্বৈরাচার আওয়ামী সরকার ২০২১ সালে রয়েল রিসোর্টে আমাকে পরিকল্পিতভাবে হত্যা করার যে নীল নকশা করেছিল, সেই নীল নকশায় তারা নিজেরাই ফেঁসে যায়। তৌহিদী জনতার তোপের মুখে পড়ে বাঁচার জন্য আকুতি-মিনতি করে। ২৪ ঘন্টায় আওয়ামী লীগের নেতাকর্মীদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। বাড়িঘর ফেলে পালাতে বাধ্য হয়েছে। গতকাল শনিবার সোনারগাঁয়ে বাংলাদেশ খেলাফতে মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত সোনারগাঁ উপজেলা অডিটোরিয়াম হলরুমে ২০২১ সালে সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে ফ্যাসিস্ট সরকার কর্তৃক মামুনুল হককে পরিকল্পিতভাবে হত্যার চক্রান্ত নস্যাৎকারী সাহসী জনগণের প্রতি কৃতজ্ঞতা, দীর্ঘদিন জেল-জুলুম ও হয়রানির শিকার নেতা কর্মীদের সম্মান এবং মাওলানা ইকবাল হোসেন স্মরণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী কাসেমীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন, ময়মনসিংহ-২ আসনের এমপি মুফতি মোহাম্মদ উল্লাহ।
বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, মাদরাসা আঞ্চলিক বোর্ডের সোনারগাঁ শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন খাঁন সহ প্রমুখ।
আল্লামা মামুনুল হক বলেন তৌহিদী জনতার কণ্ঠরোধে মিথ্যা মামলার পথ বেছে নেয় ফ্যাসিবাদি সরকার। সেই মিথ্যা মামলা বর্তমান সরকার প্রত্যাহার করে নিয়েছে। ২১ সালের রয়েল রিসোর্টের মিথ্যা মামলাসহ হেফাজতে ইসলামের সকল মিথ্যা মামলা প্রত্যাহার হয়েছে। এসময় তিনি রয়েল রিসোর্টের ঘটনায় মিথ্যা মামলায় মাওলানা ইকবাল হোসেনের গ্রেফতার, কারাবরণ ও নির্মম হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরেন। অনুষ্ঠানে খেলাফতে মজলিস ও হেফাজতে ইসলামের নেতৃবৃন্দসহ জেল-জুলুমের শিকার তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।