দিঘলিয়া উপজেলার ৪ নং সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া গাজীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার ইউপি ১ শাখার উপ সচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার ইউপি ১ শাখার গত ২৭ আগষ্ট-২০২৬ ইং তারিখে উপ সচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত স্মারক নং ৪৬.০০.৪৭০০.০০০.০১৭.২৭.০০০১.১৫.৭৮৩/১(৮) পত্রে দিঘলিয়া উপজেলার ৪ নং সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া গাজীর বিরুদ্ধে আনিত অভিযোগ হলো দিঘলিয়া উপজেলার ৪ নং সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া গাজী সেনহাটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দুইটি উন্নয়ন প্রকল্পের কাজ সমাপ্ত হওয়ার আগেই প্রকল্পের বিল পরিশোধ করেছেন। একই শাখার উপ সচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত ৪৬.০০.৪৭০০.০০০.০১৭.২৭.০০০১.১৫.৭৮৪ নং স্মারকে অপর এক পত্রে তার বিরুদ্ধে আনিত অভিযোগের ব্যাপারে কারণ দর্শাতে বলা হয়েছে। উক্ত কারণ দর্শানো পত্রে চেয়ারম্যান জিয়া গাজীকে তার বিরুদ্ধে আনিত অভিযোগের ব্যাপারে ১০ দিনের মধ্যে লিখিত জবাব প্রদানের কথা বলা হয়েছে।
দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া গাজী এ প্রতিবেদককে জানান তিনি এখনও কোনো পত্র হাতে পান নি।