দিঘলিয়ায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে গত একদিনে বেড়েছে আট জন

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৯ পিএম
দিঘলিয়ায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে গত একদিনে বেড়েছে আট জন

খুলনার দিঘলিয়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত এক দিনে আক্রান্ত হয়ে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ৮ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দিঘলিয়া উপজেলায় চলতি বছরে গত ৮ মাসে (২০২৬ সাল) ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের তথ্য অনুযায়ী, এ বছর মোট ১৩১ জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে ১১৫ জন রোগী সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পর্যন্ত ১৬ জন ডেঙ্গু রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 

এদিকে এক সূত্রে জানা গেছে, এডিস মশা ছাড়াও সাধারণ মশার কামড়েও ডেঙ্গু রোগে আক্রান্ত হতে পারে। তাই সকল ধরণের মশার প্রজননক্ষেত্র ধ্বংসে সবাইকে সচেতন হতে হবে।

দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম জানান, দিঘলিয়া উপজেলায় এবারই প্রথম ডেঙ্গু রোগীর সংখ্যা সর্বোচ্চ রেকর্ডে পৌঁছেছে। গত এক দিনে ৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। 

এ বছর গতকাল মঙ্গলবার পর্যন্ত ১৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ডেঙ্গু রোগীর চাপ খুলনার পাশাপাশি দিঘলিয়ায়ও বেড়ে চলেছে।পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে জমে থাকা পরিষ্কার পানি অপসারণের জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে