দাপুটে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো মেয়েরা

এফএনএস স্পোর্টস
| আপডেট: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০২ পিএম | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০২ পিএম
দাপুটে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো মেয়েরা

মারুফা আক্তারের দুর্দান্ত বোলিং পারফরম্যান্স এবং স্পিন আক্রমণে বাংলাদেশ ইন্দোনেশিয়াকে গুঁড়িয়ে দিয়েছে। দুবাইয়ে এশিয়া কাপে তাদের শুরুটা হয়েছে ৭১ রানের বড় জয়ে। এশিয়া কাপ অভিষেকে ইন্দোনেশিয়া দুর্দান্ত পারফরম্যান্স করেছে, বিশেষ করে বল হাতে তারা বাংলাদেশকে ৮ উইকেটে ১২৯ রানে আটকে দিয়ে। নিজের শততম আন্তর্জাতিক ম্যাচে সোবহানা মোস্তারি ইনিংস সেরা ৪০ রান করেছেন। স্বর্ণা আক্তার ১৮ বলে ৩১ রানের ক্যামিও ইনিংস খেলে শেষ দিকে রান বাড়ান। ইন্দোনেশিয়া জবাব দিতে নেমে ৫৮ রানে অলআউট হয়। বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ১৫ রান খরচায় নেন ৩ উইকেট। প্রথম দুই ওভারে বাংলাদেশ চারটি বাউন্ডারি মেরে ইতিবাচক শুরু করে। কিন্তু ইন্দোনেশিয়ার নি মাদে পুত্রি সুয়ানদেবি তার দ্বিতীয় ওভারে আঘাত হানলে বাংলাদেশ উইকেট হারায়। মোস্তারি ও দিলারার রান পেতে ঘাম ছুটেছে। তৃতীয় ওভার ও পাওয়ার প্লের শেষ বলের মধ্যে মাত্র একটি বাউন্ডারি পায় তারা। রান ছিল ১ উইকেটে ৩০। ইন্দোনেশিয়ার স্পিনাররা বাংলাদেশকে বাউন্ডারি পেতে ভুগিয়েছে। বাংলাদেশের প্রথম ছয় এসেছে ১৩তম ওভারে মোস্তারির ব্যাটে। ১৭তম ওভারে তিনি আউট হন। ওই ওভারে জোড়া উইকেট হারানোর পর স্বর্ণা মাঠে নেমে মোমেন্টাম পাল্টে দেন একটি ছয় ও চার মেরে। বাংলাদেশ ৩ উইকেটে ১০৫ রান করার পর ১২৯ রান করতেই ৮ উইকেট হারায়। ১৭ বলে ২১ রানের ব্যবধানে পাঁচ উইকেট পড়ে তাদের। ব্যাটিংয়ের ঘাটতি বল হাতে পুষিয়ে দেয় বাংলাদেশ। কেবল ওপেনার মারিয়া কোরাজোন (১২) দুই অঙ্কের ঘরে রান করেন। নাহিদার পর দ্বিতীয় সর্বোচ্চ ২ উইকেট নেন মারুফা, ৩ ওভারে মাত্র ৬ রান দেন তিনি।