পাইকগাছায় ডেঙ্গু ও হাম আতঙ্ক, ৩৩ দিনে আক্রান্ত ৮৩

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৩ পিএম
পাইকগাছায় ডেঙ্গু ও হাম আতঙ্ক, ৩৩ দিনে আক্রান্ত ৮৩

খুলনার পাইকগাছায় ডেঙ্গু ও হামের সংক্রমণ মারাত্মক রূপ ধারণ করেছে। গত ৩৩ দিনে (১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোট ৮৩ জন রোগী এই দুই রোগে আক্রান্ত হয়ে সেবা নিয়েছেন। হাসপাতালের তথ্য অনুযায়ী, এই সময়ে হামে আক্রান্ত হয়ে ১৮ জন রোগী ভর্তি হয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় তাদের মধ্য থেকে দু'জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অন্যদিকে, একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৫ জন। এর মধ্যে ৪৯ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে এবং ১৬ জন বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে হাসপাতালে ১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন এবং অবস্থা জটিল হওয়ায় ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের মতে, এডিস মশার বংশবিস্তার রোধে বসতবাড়ির আশপাশ ও জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। পাশাপাশি হামের সংক্রমণ রোধে আক্রান্তদের আইসোলেশনে রাখা এবং শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ জানান, এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া জরুরি। চিকিৎসকের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে ওষুধ সেবন থেকে বিরত থাকতে হবে এবং সম্মিলিতভাবে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে