দেশের বিচারব্যবস্থা আরও জোরদার ও শক্তিশালী করতে হবে: নাহিদ ইসলাম

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৭ পিএম
দেশের বিচারব্যবস্থা আরও জোরদার ও শক্তিশালী করতে হবে: নাহিদ ইসলাম

দেশের বিচারব্যবস্থা এখনো দুর্বল অবস্থায় রয়েছে এবং তা আরও জোরদার করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত হবে না। অতীতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছিল, সরকার ব্যবস্থা নেয়নি। তখন বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছিল।

নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল আছে। রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। বহু ধর্ম বহু সংস্কৃতির যে ধারা চলমান সে ঐতিহ্য ধরে রাখতে হবে।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে, গণভোটের গণরায়ের বাস্তবায়নের মাধ্যমে আমরা মনে করি দেশের বিচার ব্যবস্থা শক্তিশালী হবে। যার মাধ্যমে আমাদের দেশের সব সম্প্রদায়ের একটা বিচার পাওয়ার একটা জায়গা কিন্তু থাকবে।

তিনি আরও বলেন, আমরা মনে করি আমরা সরকারেই থাকি, বিরোধীদলেই থাকি, সব রাজনৈতিক দলেরই এটা দায়িত্ব এ দেশে যাতে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য বজায় থাকে। আমরা মনে করি এখন দেশের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল অবস্থায় আছে। কিন্তু এটাকে আমাদের একটা শক্তিশালী ভিত্তি দিতে হবে।