সারাদেশে ব্যাপক নিরাপত্তা জোরদার র‌্যাবের

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৮ পিএম
সারাদেশে ব্যাপক নিরাপত্তা জোরদার র‌্যাবের

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী শান্তিপূর্ণ ও নিরবচ্ছিন্ন উদযাপন নিশ্চিত করতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। 

আজ শুক্রবার শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বলে র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

র‍্যাব জানিয়েছে, দেশজুড়ে মন্দির, পূজামণ্ডপ, অনুষ্ঠানস্থল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়মিত টহল জোরদার করার পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। প্রতিটি ব্যাটালিয়ন সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা ও উৎসবের জন্য এলাকাভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা করেছে। এ ছাড়া, আগাম তথ্য সংগ্রহ এবং যেকোনো সম্ভাব্য হুমকি শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।

উদ্যাপন ব্যাহত করার চেষ্টা করতে পারে—এমন চরমপন্থী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন এবং অন্যান্য উপাদানের কার্যকলাপ ও গতিবিধির ওপরও র‍্যাব কড়া নজরদারি রাখছে। জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগদানকারী গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধর্মীয় নেতা, পুরোহিত এবং বিদেশি নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

জন্মাষ্টমীর শোভাযাত্রার চারপাশেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শোভাযাত্রার সামনে, পিছনে এবং উভয় পাশে পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন করা হবে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার জন্য সংরক্ষিত বাহিনী প্রস্তুত থাকবে।

জনগণকে শান্তিপূর্ণ ও নিরাপদে জন্মাষ্টমী উদ্যাপনের আহ্বান জানিয়ে যেকোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ সম্পর্কে অবিলম্বে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতে র‍্যাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এমন গুজব, ভুল তথ্য, উস্কানিমূলক পোস্ট, মন্তব্য, ছবি এবং অন্যান্য অনলাইন বিষয়বস্তু শনাক্ত ও তার বিস্তার রোধ করতে র‍্যাবের সাইবার নজরদারি কার্যক্রমও অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে