হবিগঞ্জের মাধবপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। শুক্রবার সকালে জন্মাষ্টমী উপলক্ষে মাধবপুর বাজার কালী মন্দিরের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মাধবপুর পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঝুলন মন্দিরের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় ধর্মীয় সংগীত, কীর্তন ও নানা আয়োজনে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান। এ সময় উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মনোজ পাল, পূজা উৎযাপন পরিষদের সাধারন সম্পাদক লিটন রায়, সাবেক মেয়র হাবিবুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মাধবপুরের বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা, ধর্মীয় আলোচনা, কীর্তন ও প্রসাদ বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী এসব আয়োজনে ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।