এমবাপ্পের পেনাল্টিতে বার্ত্রার কৌশল ছিল পরিকল্পিত

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:১৫ পিএম
এমবাপ্পের পেনাল্টিতে বার্ত্রার কৌশল ছিল পরিকল্পিত

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি ঠেকাতে রিয়াল বেতিসের ডিফেন্ডার মার্ক বার্ত্রার অবস্থান ছিল মোটেও আকস্মিক নয়। নিয়ম সম্পর্কে আগে থেকেই জেনে তিনি ইচ্ছাকৃতভাবে এমনভাবে অবস্থান নিয়েছিলেন, যাতে পেনাল্টি নেওয়ার মুহূর্তে তাঁর পা বক্সের ভেতরে না ঢোকে। বার্ত্রা জানিয়েছেন, এ কৌশল নিয়ে তিনি ম্যাচের আগেই একজন সাবেক রেফারির সঙ্গে কথা বলেছিলেন।

৪ সেপ্টেম্বর শুক্রবার রাতে লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি এমবাপ্পে। রিয়ালের নেওয়া স্পটকিকটি ঠেকিয়ে দেন রিয়াল বেতিসের গোলরক্ষক আলভারো ভায়েস। শেষ পর্যন্ত ম্যাচটি ১-০ গোলে জিতে নেয় বেতিস।

পেনাল্টি নেওয়ার আগে বার্ত্রার অবস্থান নিয়ে ম্যাচে বিতর্ক তৈরি হয়। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে পেনাল্টি আবার নেওয়ার দাবি ওঠে। তাদের অভিযোগ ছিল, বল কিক করার আগেই বার্ত্রা বক্সের ভেতরে, অথবা বক্সের একেবারে সীমানায় অবস্থান নিয়েছিলেন।

তবে বার্ত্রার ব্যাখ্যা ভিন্ন। তিনি জানিয়েছেন, বিষয়টি তিনি আগে থেকেই বুঝে নেওয়ার চেষ্টা করেছিলেন। ‘মুভিস্টার’-কে দেওয়া বক্তব্যে, যা স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা প্রকাশ করেছে, বেতিসের এই ডিফেন্ডার বলেন, কয়েক রাউন্ড আগে লা লিগার আরেকটি ম্যাচে একই ধরনের ঘটনা দেখার পর তিনি দ্বিতীয় বিভাগের একজন রেফারি হিসেবে কাজ করা এক বন্ধুর কাছে বিষয়টি জানতে চেয়েছিলেন।

বার্ত্রার ভাষ্য, ওই রেফারি তাকে জানিয়েছিলেন, পেনাল্টি নেওয়ার সময় নির্দিষ্ট অবস্থানে থাকলেও পা যদি বক্সের ভেতরে না থাকে, তাহলে পেনাল্টি পুনরায় নেওয়ার নিয়ম প্রযোজ্য হবে না।

এই নিয়মের সুবিধা নিতেই এমবাপ্পের দৌড়ের সঙ্গে নিজের অবস্থান মিলিয়ে নিয়েছিলেন বার্ত্রা। তাঁর মতে, পুরো বিষয়টি ছিল কয়েক মুহূর্তের হিসাব।

বার্ত্রা বলেন, এমবাপ্পে যদি আধা সেকেন্ড আগে বা পরে বল মারতেন, তাহলে তাঁর পা বক্সের ভেতরে চলে যেতে পারত। তাই তিনি যতক্ষণ সম্ভব পা মাটিতে রেখে, বক্সের ভেতরে না ঢুকিয়ে অপেক্ষা করেছিলেন। শেষ পর্যন্ত তাঁর সেই পরিকল্পনা সফল হয়।

বার্ত্রা বলেন, "এটা সত্যি যে এমবাপ্পে যদি আধা সেকেন্ড আগে বা পরে বল মারতেন, তাহলে আমাকে বক্সের ভেতরে পেতেন। তবে আমি যতক্ষণ সম্ভব পা মাটিতে রেখে বক্সে না ঢোকার চেষ্টা করেছি এবং সফল হয়েছি।"

এ ধরনের সূক্ষ্ম হিসাব বার্ত্রার জন্য নতুন নয়। শুধু রক্ষণে নয়, আক্রমণেও একই ধরনের কৌশল কাজে লাগান বলে জানিয়েছেন তিনি। বল পাওয়ার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে সঠিক সময়ে জায়গায় পৌঁছানোর চেষ্টা করেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

বার্ত্রা জানান, প্রায় দুই বছর আগে কোপা দেল রের একটি ম্যাচে সান্ত আন্দ্রেউয়ের বিপক্ষে তাঁর করা একটি গোলও এমন নিখুঁত সময়ে সঠিক জায়গায় থাকার ফল ছিল।

অর্থাৎ এমবাপ্পের পেনাল্টির সময় বার্ত্রার অবস্থান ছিল পরিকল্পনার অংশই। কয়েক মুহূর্তের হিসাব, নিয়মের সূক্ষ্মতা এবং পেনাল্টি নেওয়ার সময় এমবাপ্পের দৌড়ের সঙ্গে নিজের অবস্থান মিলিয়ে নেওয়াই শেষ পর্যন্ত তাঁর কৌশলকে সফল করে।

আপনার জেলার সংবাদ পড়তে