ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:১৬ পিএম
ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

প্রিমিয়ার লিগে অবশেষে জয়ের দেখা পেল লিভারপুল। পোর্টম্যান রোডে ইপসউইচ টাউনকে ২-০ গোলে হারিয়েছে তারা। জয়ের নায়ক আলেকজান্ডার ইসাক। ম্যাচের প্রথম নয় মিনিটেই জোড়া গোল করে নতুন ক্লাবের জার্সিতে নিজের দারুণ ফর্মের ইঙ্গিত দিয়েছেন সুইডিশ এই স্ট্রাইকার। একই সঙ্গে নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে এটিই লিভারপুলের প্রথম জয়। (Reuters)

শুক্রবার (৪ সেপ্টেম্বর) শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লিভারপুল। আগের দুই ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড ও নটিংহাম ফরেস্টের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল তারা। ফলে তৃতীয় ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে অলরেডরা। সেই লক্ষ্য পূরণে বেশি সময় লাগেনি।

ম্যাচের ষষ্ঠ মিনিটে কোডি গাকপোর চমৎকার পাস থেকে বল পেয়ে গোল করেন ইসাক। বক্সের ভেতর থেকে নেওয়া তার জোরালো শট ইপসউইচের গোলরক্ষক কিয়েল শেরপেনের হাতে লেগেও থামেনি। বল চলে যায় জালে।

তিন মিনিট পর আবারও গাকপো ও ইসাকের জুটি সফল হয়। এবারও গাকপোর পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে এগিয়ে যান ইসাক। গোলরক্ষক শেরপেনও অবস্থান ছেড়ে এগিয়ে এসেছিলেন। তাকে পরাস্ত করে নিচু শটে নিজের দ্বিতীয় গোলটি করেন সুইডিশ ফরোয়ার্ড। দুই গোলেই অ্যাসিস্ট করে ম্যাচে লিভারপুলের আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন গাকপো। 

মাত্র নয় মিনিটেই দুই গোল হজম করে ম্যাচে ফেরার চেষ্টা করে ইপসউইচ। ৩০তম মিনিটে লিভারপুলের রক্ষণে ফাঁক তৈরি হলেও সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। লেইফ ডেভিসের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। লিভারপুলের রক্ষণেও কয়েকবার চাপ তৈরি করেছিল ইপসউইচ, তবে গোলের মুখ খুলতে পারেনি।

প্রথমার্ধের শেষ দিকে হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন ইসাক। ফ্লোরিয়ান ভির্টজের ক্রস থেকে বল জালে পাঠিয়েছিলেন তিনি। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। এরপর দোমিনিক সোবোস্লাইও দূরপাল্লার শটে শেরপেনকে পরীক্ষা নেন।

দ্বিতীয়ার্ধে লিভারপুল কিছুটা নিয়ন্ত্রিত ফুটবল খেলেছে। ইপসউইচ কয়েক দফা আক্রমণে উঠলেও গোলের জন্য যথেষ্ট কার্যকর হতে পারেনি। লিভারপুলও ব্যবধান বাড়ানোর মতো খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত প্রথমার্ধের দুই গোলই যথেষ্ট হয়ে যায়।

ইসাকের জন্য ম্যাচটি ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রেকর্ড ১২ কোটি ৫০ লাখ পাউন্ডে নিউক্যাসল ইউনাইটেড থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর প্রথম মৌসুমে প্রত্যাশামতো পারফর্ম করতে পারেননি তিনি। ফিটনেস সমস্যা ও চোটের কারণে পুরো মৌসুমে ২২ ম্যাচে ১ হাজার ৩৩ মিনিট মাঠে থেকে করেছিলেন চার গোল। প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচে ৭০৩ মিনিট খেলে গোল করেছিলেন তিনটি।

এবার অবশ্য শুরুতেই সেই হতাশা কাটানোর ইঙ্গিত দিচ্ছেন ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার। ইপসউইচের বিপক্ষে দুই গোল করে চলতি মৌসুমে লিগে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে তিনে। আগের ম্যাচে এক গোল করার পর এবার জোড়া গোল করে ছন্দে ফেরার বার্তাই দিলেন তিনি।

ইপসউইচের বিপক্ষে ইসাককে আগের চেনা রূপেই দেখা গেছে। রক্ষণভাগের পেছনে দ্রুত দৌড়, প্রতিপক্ষের ওপর চাপ তৈরি এবং সুযোগ পেলে নিখুঁত ফিনিশিং, সবই ছিল তার খেলায়। বিশেষ করে গাকপোর সঙ্গে তার বোঝাপড়া লিভারপুলের আক্রমণে নতুন মাত্রা দিয়েছে।

লিভারপুলের জন্য ম্যাচটির আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ছিল ব্র্যাডলি বারকোলার অভিষেক। প্যারিস সেন্ট জার্মেই থেকে বড় অঙ্কের চুক্তিতে দলে যোগ দেওয়া এই ফরোয়ার্ড দ্বিতীয়ার্ধে মাঠে নামেন। ৬৪তম মিনিটে ভিক্টর মুনোজের বদলি হিসেবে লিভারপুলের জার্সিতে প্রথমবার মাঠে নামেন তিনি। 

নতুন কোচ ইরাওলার অধীনে প্রথম জয় পাওয়ার পাশাপাশি লিভারপুল প্রথমবারের মতো এই মৌসুমে ক্লিন শিটও পেয়েছে। আগের দুই ম্যাচে দুই গোল করে হজম করা দলটি এবার ইপসউইচকে কোনো গোলের সুযোগে সফল হতে দেয়নি। 

এই জয়ে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠেছে লিভারপুল। অন্যদিকে ইপসউইচ তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে রয়েছে। নতুন মৌসুমে সান্ডারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও এরপর ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৫-২ গোলে হারের পর লিভারপুলের কাছেও হারল তারা।

ইরাওলার জন্য তাই জয়টি স্বস্তির। দুই ম্যাচে ড্রয়ের পর তৃতীয় ম্যাচেই প্রথম জয় পেলেন তিনি। আর সেই জয়ের পুরো আলো নিজের দিকে টেনে নিলেন ইসাক, মাত্র নয় মিনিটে দুই গোল করে।

আপনার জেলার সংবাদ পড়তে