স্ত্রীকে অমানুষিক নির্যাতনের ভিডিও ভাইরাল, অতঃপর মৃত্যু

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:০৭ পিএম
স্ত্রীকে অমানুষিক নির্যাতনের ভিডিও ভাইরাল, অতঃপর মৃত্যু

পরকীয়া সন্দেহে স্ত্রীকে অমানুষিক নির্যাতনের একপর্যায়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত স্বামী রাসেল হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ঢাকার খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমি আক্তার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের কাজলাকাঠি গ্রামের বাসিন্দা। তিনি রাসেল হাওলাদারের স্ত্রী। নিহতের ভাই মেহেদী হাসান জানান, চাকরির সুবাদে সুমি ও তার স্বামী রাসেল ঢাকায় বসবাস করতেন। পরকীয়ার সন্দেহে শুক্রবার দিনভর সুমিকে নির্যাতন করে রাসেল। একপর্যায়ে গুরুত্বর আহতাবস্থায় শুক্রবার সন্ধ্যায় সুমির মৃত্যু হয়। তিনি আরও জানান, ঘটনার পর ওই বাসার লোকজন খিলগাঁও থানায় সুমি আত্মহত্যা করেছেন বলে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক রাসেল হাওলাদার। পরে সুমিকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে বিষয়টি ব্যাপক ভাইরাল হয়। এরপর অভিযান চালিয়ে অভিযুক্ত রাসেল হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সূত্রমতে, বোনকে অমানুষিক নির্যাতন করে হত্যার ঘটনায় নিহতের ভাই মেহেদী হাসান বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ নিহতের ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছেন। পরে নিহত সুমি আক্তারের লাশ তার গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠি গ্রামে আনার পর শনিবার সকালে জানাজা শেষে দাফন করা হয়েছে। অপরদিকে রাসেল হাওলাদারের অমানুষিক নির্যাতনের সময় কে বা কারা সেই নির্যাতনের ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। কেন তিনি (ভিডিও ধারনকারী) তাৎক্ষনিক নির্যাতনের হাত থেকে সুমি আক্তারকে উদ্ধার করতে এগিয়ে আসেননি তা নিয়েও প্রশ্ন উঠেছে। পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ঘাতক রাসেল হাওলাদারের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।

আপনার জেলার সংবাদ পড়তে