পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ জাহাঙ্গীর আলম (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জেলা পুলিশ সুপার শাহনাজ বেগমের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটক জাহাঙ্গীর আলম জয়পুরহাট সদর থানার হারাইল (উত্তরপাড়া) গ্রামের মৃত নিমাই উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, এসআই আলমগীর কবির, এসআই সোহেল রানা ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে।