দৌলতপুর সীমান্তে সুরক্ষায় জনসম্পৃক্ততা বাড়াতে

কুষ্টিয়ায় বিজিবির জন সচেতনতা মূলক সভা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৫ পিএম
কুষ্টিয়ায় বিজিবির জন সচেতনতা  মূলক সভা

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতিতে সতর্কতা অবলম্বন, অবৈধ সীমান্ত পারাপার, পুশ-ইন, মাদক পাচার, চোরাচালানসহ বিভিন্ন সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায় গতকাল  কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার খারিজাথাক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সীমান্তবর্তী জনসাধারণের সঙ্গে সীমান্তের সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি উপস্থিত সীমান্তবর্তী জনসাধারণকে আকস্মিক বন্যা পরিস্থিতিতে সতর্কতা অবলম্বন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, চোরাচালান, মাদকদ্রব্যসহ অন্যান্য অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়ে সচেতন করেন। পাশাপাশি, অপরিচিত ও সন্দেহজনক ব্যক্তির গতিবিধির বিষয়ে সতর্ক থাকা, কোনো ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশে সহায়তা বা আশ্রয় না দেওয়া এবং সীমান্ত এলাকায় কোনো অবৈধ কর্মকাণ্ড পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্পে অবহিত করার জন্য আহ্বান জানান। এছাড়াও তিনি বলেন সীমান্ত শুধু বিজিবির একার দায়িত্ব নয়; সীমান্তের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সীমান্তবর্তী জনগণের সচেতনতা এবং আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তিনি আরও বলেন, দেশের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার পাশাপাশি সীমান্ত অপরাধ প্রতিরোধে জনগণকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিজিবি ও সীমান্তবর্তী জনগণের পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে সীমান্তে শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলা আরও সুদৃঢ় করা সম্ভব। মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় সীমান্তবর্তী জনগণ সীমান্তের সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবির সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে