জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় মূখ্য সংগঠক সারজিস আলম পিরোজপুরে এক সাংগঠনিক সভায় বলেছেন, আমরা কিভাবে কর্মসূচি করবো সেটা আমাদেরকে বিএনপির শেখাতে হবে না। শর্ট টাইমে ১১ দলের ঐতিহাসিক লং মার্চ দেখে তাদের মাথা খারাপ হয়ে বলছে ‘এটা লং মার্চ না, রোড মার্চ।’ আবার কেউ কেউ বলছে এটা লং ড্রাইভ। তিনি বলেন, আমাদের লং মার্চ যদি লং ড্রাইভ হয় তাহলে বেগম খালেদা জিয়া যেটা করেছিলেন সেটাও লং ড্রাইভ। আপনাদের শেখাতে হবে না বিরোধী দল কি কর্মসূচি দিবে। এনসিপি পিরোজপুর জেলা আহবায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে স্থানীয় একটি হোটেলে আজ সোমবার অনুষ্ঠিত এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে সার্জিস বলেন, আপনারা বিরোধীদল হিসেবে ব্যর্থ ছিলেন। আপনারা যখন মার্চ টু ডেমোক্রেসি ঘোষণা দিয়েছিলেন, তখন শুধুমাত্র একটি বালুর ট্রাক দিয়ে আপনাদের পুরো লংমার্চকে শেষ করে দেওয়া হয়েছিল। আপনারা বালুর ট্রাকটিকেও সরাতে পারেন নাই। সেই ব্যর্থ বিরোধী দলের নসিহতে আজকের বিরোধীদল তার কর্মসূচী দেবে না। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না, বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে। যদি বিএনপি মনে করে তারা তাদের জায়গা থেকে আমাদের প্রতিরোধ করবে, তাহলে মনে রাখতে হবে এর ফল কখনো ভালো হবে না।
রাজনৈতিক ভাষা ও সমালোচনার বিষয় উল্লেখ করে তিনি বলেন, আমাদের এনসিপির একজন যখন প্রধানমন্ত্রীর সমালোচনা করেছে, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। কেন্দ্রীয় কমিটির একজন এমন এক ভাষায় সমালোচনা করেছিল আমরা মনে করেছি এ ভাষায় সমালোচনা করা ঠিক হয়নি, ভাষা ঠিক হয়নি। তখন আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু বিএনপি ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পুরেছে রিমান্ডে নিয়েছে। তারেক রহমান এখন যে বাক স্বাধীনতার কথা বলে, এগুলো মিথ্যা আর প্রতারণা ছাড়া আর কিছুই না। তাহলে কি আমরা মনে করবো জনাব তারেক রহমানের মুখের কথা এক আর মনের ভিতরের কথা আর এক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি ১ আসনের সংসদ সদস্য এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু, এনসিপির যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাক অ্যাড. মুজাহিদুল ইসলাম শাহীন প্রমুখ।