জয়পুরহাটের ক্ষেতলালে প্রকাশ্যে নিষিদ্ধ মাদকদ্রব্য টাপেন্টাডল সেবন ও মাতলামি করার অপরাধে পৌরসভার তিলাবদুল, সাখিদারপাড়া মহল্লার সোবহান মন্ডল নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে ক্ষেতলাল পৌরসভা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী এই আদালত পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, সোবহান মন্ডল জনসম্মুখে প্রকাশ্যে মাদক সেবন করে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছিলেন। খবর পেয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। অপরাধ -^ীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। ইউএনও জাকির মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের 'জিরো টলারেন্স' নীতি অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।