ময়মনসিংহে আকুয়া জুবিলী কোয়ার্টার এলাকায় সাথী আক্তার নামে এক নারী হত্যা মামলায় হৃদয় নামে এক যুবককে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। রায়ে দণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজের প্রথম আদালতের বিজ্ঞ বিচারক মো. সামছুদ্দিন আহাম্মেদ এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ জানা যায়, ২০২২ সালের ২১ সেপ্টেম্বর নগরীর আকুয়া জুবিলী কোয়ার্টার এলাকায় সাথী আক্তারের সাথে একই এলাকার যুবক হৃদয়ের সাথে মোবাইলে মিসকল দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এর জেরে ২৩ সেপ্টেম্বর গভীর রাতে হৃদয় ও তার সহযোগীরা সাথীর ভাড়া বাসায় প্রবেশ করে চাকু দিয়ে সাথীর শরীরের বিভিন্ন জায়গায় উপর্যপরি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসিয়া সাথীকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় ২৪ সেপ্টেম্বর সাথীর বোন শিউলি আক্তার বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা করে। পরে পুলিশ দীর্ঘদিন তদন্ত শেষে হৃদয়ের নামে চার্জশীট দাখিল করে। আদালত স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে হৃদয়কে মৃত্যুদন্ড প্রদান করেন। রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল ইসলাম টুটুল সন্তোষ প্রকাশ করেছেন।