মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৩০০ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুমন মিয়া (২৬) ও তারেক মিয়া (২৬) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত শাড়ির আনুমানিক মূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা।
গতকাল মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার সিন্দুরখাঁন ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে সুমন মিয়া ও তারেক মিয়াকে আটক করা হয়। পরে তাদের দেখানো মতে একটি পরিত্যক্ত ঘর থেকে পলিথিনে মোড়ানো ১৬টি বান্ডিল উদ্ধার করা হয়। বান্ডিলগুলো খুলে গণনা করে বিভিন্ন রঙের ৩০০ পিস ভারতীয় শাড়ি পাওয়া যায়। প্রতিটি শাড়ির আনুমানিক মূল্য ৪ হাজার ৫০০ টাকা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন স্বীকার করেছে, তারা ভারতীয় সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব শাড়ি বাংলাদেশে নিয়ে আসে এবং পরে বিভিন্ন মার্কেটের দোকানে বিক্রি করে। গ্রেপ্তার দুজন ও পলাতকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।