শেরপুর জেলায় আগামী তিন মাসের সারের মজুত রয়েছে। গত মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন শেরপুরের ঝিনাইগাতীতে অবস্থিত জেলা বাফার সার গুদাম পরিদর্শন শেষে এ তথ্য জানান। এ সময় তিনি গুদামে সার মজুত ও বিতরণ কার্যক্রম খতিয়ে দেখেন। একইসঙ্গে ডিলারদের মাঝে সার বিতরণের সময় প্রত্যেক ডিলারের প্রতিনিধি নিশ্চিতের নির্দেশনা দেন।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, বাফার গুদামে আগামী তিন মাসের সার মজুত রয়েছে। সারের কোন ঘাটতি নেই। ডিলাররা তাদের বরাদ্দের সার এখান থেকে উত্তোলন করে নিয়ে যাচ্ছেন। কৃষক পর্যায়ে সুষ্ঠুভাবে সার বিতরণ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও জেলা কৃষি বিভাগের সকল কর্মকর্তাগণ সচেষ্ট রয়েছেন।
বাফার গুদামের ইনচার্জ মো. আদিলুজ্জামান জানান, বর্তমানে গুদামে ১০ হাজার ৭২৫ মেট্রিক টন ইউরিয়া সার মজুত রয়েছে। যা আগামী তিন মাসের মজুত। প্রতিনিয়তই কারখানা থেকে সার গুদামে মজুত করা হচ্ছে এবং ডিলারদের কাছে বিতরণ করা হচ্ছে।