দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৩ জনে। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪৬ হাজার ৯৩৮ জন।
বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টার হিসাবটি মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন, ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৯ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৮৮ জন, রংপুর বিভাগে ১৭৪ জন এবং সিলেট বিভাগে ১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়, একজন ময়মনসিংহ বিভাগে এবং একজন রংপুর বিভাগে মারা গেছেন।
এর আগে চলতি বছরে এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)। ওই দিন ডেঙ্গু আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়। একই দিনে ১ হাজার ৫৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হন, যা চলতি বছরের এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
এর আগে ১ সেপ্টেম্বর ও ২৩ আগস্ট ডেঙ্গুতে পাঁচজন করে মারা যান। ওই সময় পর্যন্ত এ দুদিনের মৃত্যুর সংখ্যাই ছিল চলতি বছরের সর্বোচ্চ। এছাড়া ১ সেপ্টেম্বর ১ হাজার ৩২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিলেন, যা তখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪৩ হাজার ৫৫৩ জন।
গত বছরও দেশে ডেঙ্গুর প্রকোপ ছিল উল্লেখযোগ্য। ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর এ রোগে মারা যান ৪১৩ জন।
এর আগের বছর ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৫৭৫ জনের।