সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন হবে: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদন | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০২:০৪ পিএম
সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন হবে: শামা ওবায়েদ
ফাইল ছবি

ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, নারীর প্রতি সহিংসতা, অশ্লীল ভাষার ব্যবহার, সাইবার বুলিং ও সামাজিক অবক্ষয় ঠেকাতে যুগোপযোগী সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, নতুন আইন মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাইবার জগতের ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দেশের মানুষকে সুরক্ষা দেওয়ার উপযোগী হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাইবার সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির সভার শুরুতে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে যে ধরনের কর্মকাণ্ড হচ্ছে, সেগুলো থেকে দেশের জনগণকে সুরক্ষা দিতে সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন রয়েছে। তবে আইনটি হতে হবে সময়োপযোগী এবং মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার মতো কার্যকর।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, তথ্য এবং আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির মূল লক্ষ্য হচ্ছে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে সঠিক ও কার্যকর একটি সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা।

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর প্রতি সহিংসতা, অশ্লীল ভাষার ব্যবহার এবং বুলিংয়ের বিষয়টি তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসব কর্মকাণ্ড শুধু ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করছে না, সমাজকেও অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে। এর ফলে সামাজিক মূল্যবোধ নষ্ট হওয়ার পাশাপাশি দেশও বিপর্যয়ের দিকে যেতে পারে।

তিনি বলেন, সাইবার বুলিং সমাজকে অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে এবং দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। নারীর প্রতি সহিংসতা বন্ধ, অশ্লীল ভাষায় বক্তব্য রোধ এবং সামাজিক অবক্ষয় ঠেকাতেও আইনটিকে যুগোপযোগী করা হবে।

শামা ওবায়েদ আরও বলেন, সরকার দেশের মানুষকে সাইবার জগতের ক্ষতিকর কর্মকাণ্ড থেকে সুরক্ষা দিতে চায়। এ লক্ষ্যেই সংশ্লিষ্ট সবার মতামত ও পরামর্শের ভিত্তিতে সাইবার সিকিউরিটি আইন প্রণয়ন করা হবে।

কমিটি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করবে বলেও জানান তিনি। তাদের মতামত ও পরামর্শ নিয়ে এমন একটি আইন প্রণয়নের লক্ষ্য নেওয়া হয়েছে, যা ইন্টারনেটের ক্ষতিকর দিক থেকে মানুষকে সুরক্ষা দিতে কার্যকর ভূমিকা রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে