ডিএমপির অভিযানে রাজধানীতে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

এফএনএস (অনলাইন ডেস্ক): | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২৬ পিএম
ডিএমপির অভিযানে রাজধানীতে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫১টি মামলা করা হয়েছে। অভিযানে ৪৫ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৯১টি ইয়াবা, একটি শটগানসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান। ডিএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২২ জন, লালবাগে ২৮, ওয়ারীতে ৬০, মতিঝিলে ৫২, তেজগাঁওয়ে ৯১, মিরপুরে ১৯৩, গুলশানে ৪১ এবং উত্তরা বিভাগে ৪২ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ ১২ জন এবং সিটিটিসি একজনকে গ্রেফতার করেছে।

অভিযানে একটি ব্যক্তিগত গাড়ি, একজন ভুক্তভোগী, ১৫টি মুঠোফোন ও এক জোড়া হাতকড়াও উদ্ধার করা হয়েছে। উপকমিশনার মো. আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদক ও বিভিন্ন আলামতসহ এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।